বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগে ৫১তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ২৪ সেপ্টেম্বর পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে আবেদন।
আবেদনপত্র পূরণের নিয়ম
আবেদনকারীদের bpsc.teletalk.com.bd অথবা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।
ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম
আবেদনের সব ধাপ সম্পন্ন করার পর ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই সর্বোচ্চ ৩০০ পিক্সেল হতে হবে। অনধিক তিন মাস আগে তোলা সানগ্লাসবিহীন রঙিন ছবি আপলোড করতে হবে। ছবির ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট (কেবি) হতে হবে।
স্বাক্ষরের ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ পিক্সেল এবং প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হতে হবে। স্বাক্ষরের ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট (কেবি) হতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা থেকে।
আবেদনপত্র জমাদানের শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা।
আবেদন ফি
সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ২০০ টাকা। এর সঙ্গে ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট ও আইটিসহ ৫ টাকা যোগ হয়ে মোট ফি ২০৫ টাকা।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি ৫০ টাকা। এর সঙ্গে ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট ও আইটিসহ ৫ টাকা যোগ হয়ে মোট ফি ৫৫ টাকা।
ফি জমা দেওয়ার শেষ সময়
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬টার মধ্যে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন।
ফি জমা দেওয়ার আগে আবেদনপত্র সংশোধনের সুযোগ থাকবে। তবে ফি জমা দেওয়ার পর আবেদনপত্রে আর কোনো সংশোধন করা যাবে না।