চরাঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়াতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়গুলোর নিয়মিত শ্রেণি কার্যক্রম ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রম সরেজমিনে তদারকি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার চরাঞ্চলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
বিদ্যালয় পরিদর্শনের সময় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন ইউএনও। পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষা চর্চা ও খেলাধুলায় আরও আগ্রহী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও চরাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। মানসম্মত প্রাথমিক শিক্ষার মাধ্যমে রায়পুরকে শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে নিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।