কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় প্রবেশ করে।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান নিয়ে দুপুর সাড়ে ১২টার পর গাড়িবহরটি রূপপুরে পৌঁছেছে।
এর আগে সকাল ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
গাড়িবহরে তিনটি লরিতে ইউরেনিয়াম এবং অপর একটি গাড়িতে অন্যান্য সরঞ্জাম নেওয়া হয়। এ সময় রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও গাড়িবহরের সঙ্গে ছিলেন।
ইউরেনিয়াম পরিবহনে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রকল্প সূত্র জানায়, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব চালান সরবরাহের লক্ষ্যমাত্রা রয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা বলছেন, সব প্রস্তুতি নির্ধারিত সময় অনুযায়ী সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।