চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা ও কনটেইনার জট নিরসনে দীর্ঘদিন ধরে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী বিপজ্জনক কেমিক্যাল ধ্বংসের কার্যক্রম শুরু হয়েছে।
কাস্টমস হাউস, চট্টগ্রামের উদ্যোগে বন্দরে থাকা ৯টি কনটেইনারের মোট ১৫০ দশমিক ৮৯ মেট্রিক টন বিপজ্জনক কেমিক্যাল পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করা হচ্ছে।
চট্টগ্রাম বন্দরে ২০০৩ সাল থেকে রক্ষিত এসব কেমিক্যালের মধ্যে রয়েছে ২৫ দশমিক ৫৫ মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড, ৫০০ কেজি নাইট্রিক অ্যাসিড, ৯২ দশমিক ৫৪ মেট্রিক টন মিথানল এবং ৩২ দশমিক ৩০ মেট্রিক টন থিনার।
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর সুপারিশ এবং কাস্টমস হাউস, চট্টগ্রামের ধ্বংস কমিটির উদ্যোগে এসব বিপজ্জনক কেমিক্যাল ওয়াটা কেমিক্যালস লিমিটেড, মুড়াপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের মাধ্যমে পরিবেশবান্ধব ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ধ্বংস করা হবে।
গত ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে চট্টগ্রাম বন্দর থেকে কেমিক্যালবাহী যানবাহনগুলো পুলিশ স্কর্টের মাধ্যমে ওয়াটা কেমিক্যালস লিমিটেডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিএনএসিডব্লিউসি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বর্ডার গার্ড বাংলাদেশ, বিসিএসআইআর, বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং আনসার ব্যাটালিয়ন ধ্বংসকাজের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা করছে।