আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি। তাঞ্জানিয়ার আরুসায় ৫ থেকে ৯ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
সম্মেলনে স্পিকার বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউর গভর্নিং কাউন্সিলের সভায় সংস্থাটির নতুন সভাপতি নির্বাচন করা হবে।
আইপিইউ সম্মেলন শেষে আগামী ১১ অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।