মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহে এবং যেকোনো ধরনের সংকট নিরসনে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বরাদ্দের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দ্রুতই আলোচনা করবেন জানিয়ে তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে। পাশাপাশি হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
শনিবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অডিটোরিয়ামে ২৯তম ব্যাচের ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান ও পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি মেডিকেল কলেজের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। এসব মূল্যবান সামগ্রী যেন নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে।
বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে ব্যবহৃত যন্ত্রপাতির মতো সরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা সরঞ্জামও নির্ধারিত কার্যকাল পর্যন্ত সচল রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
রোগীর প্রতি চিকিৎসকদের আরও আন্তরিক ও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকের কাছে গেলে তাদেরকে যথেষ্ট সময় দেওয়া ও তার সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনার মাধ্যমে চিকিৎসক রোগীর মধ্যে আস্থা ও মানসিক স্বস্তি তৈরি করতে পারেন। চিকিৎসার পাশাপাশি রোগীর প্রতি মানবিক আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, রোগীদের শুধু ওষুধ দিলেই হবে না, কীভাবে সুস্থ থাকা যায়, সে বিষয়েও তাদের সচেতন করতে হবে। বিশেষ করে নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব সম্পর্কে মানুষকে পরামর্শ দিতে হবে। খাদ্যাভ্যাস ও জীবনযাপনে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ বিষয়ে চিকিৎসকেরা মানুষকে সচেতন করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
নতুন চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, রোগীদের প্রতি আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। আপনারা মানুষের জন্য ভালো কিছু করবেন, সমাজের জন্য ভালো কিছু করবেন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাছুম হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।
এ সময় কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।