শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদ্যাপনে পূজামণ্ডপের আয়োজক ও দর্শনার্থীদের জন্য পাঁচ দফা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়।
পুলিশের পরামর্শে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্যের সত্যতা যাচাই না করে লাইক, কমেন্ট বা শেয়ার করা যাবে না। পূজামণ্ডপে নারী-পুরুষের জন্য আলাদা প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র, পর্যাপ্ত আলো ও বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে। গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন এবং দর্শনার্থীদের ব্যাগ বা পোঁটলা নিয়ে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাঁদের সহজে শনাক্ত করতে আলাদা পোশাক, পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড ব্যবহারের কথাও বলেছে পুলিশ।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অন্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন মণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে। পাশাপাশি আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯ ও ০১৩২০০০১৩০০ নম্বরে যোগাযোগ করা যাবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নম্বর ০২২২৩৩৫৫৫০০ ও ০১৮১৭৬০২০৫০। ঢাকেশ্বরী মন্দিরের কেন্দ্রীয় কন্ট্রোল রুমের নম্বর ০২৯৬১১৩৫৩ ও ০১৭০৫৫০৫৫২৯। এসআরবির কন্ট্রোল রুমের নম্বর ০১৭৭৭৭২০০৯।
এছাড়া, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৭৩০৩৩৬৬৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
পুলিশ জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বিনা মূল্যে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যাবে। জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) যোগাযোগের নম্বর বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে পাওয়া যাবে।