দেশে রক্তরোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গবেষণা বাড়ানো ও তরুণ চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে জোর দিচ্ছে সরকার। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত রক্তরোগ বিশেষজ্ঞ বা হেমাটোলজিস্ট পদায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এইচএসবি) দুই দিনব্যাপী সপ্তম বার্ষিক সম্মেলন ‘হেমাটোকন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘Shaping Tomorrow’s Haematology’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বাহরাইন, ভারত, যুক্তরাজ্য, ইতালি, পাকিস্তান ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের পাশাপাশি দেশের হেমাটোলজিস্ট, চিকিৎসক ও গবেষকেরা অংশ নেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমুদ্রের মতো বাংলাদেশের রক্তরোগ চিকিৎসা খাতেও সম্ভাবনা কাজে লাগাতে গবেষণা, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক অভিজ্ঞতার ব্যবহার বাড়াতে হবে। রোগীদের দেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসা দিতে চিকিৎসক ও গবেষকদের দক্ষতা উন্নয়ন জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। সভাপতিত্ব করেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির।
সম্মেলনের প্রথম দিনে থ্যালাসেমিয়া, লিম্ফোমা, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া ও অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া নিয়ে বৈজ্ঞানিক অধিবেশন হয়। দ্বিতীয় দিনে প্রাপ্তবয়স্কদের অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, সেলুলার থেরাপি ও ক্যানসার ইমিউনোথেরাপি নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া রোগ নির্ণয়, ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা ও টার্গেটেড থেরাপির অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। তরুণ হেমাটোলজিস্টরা গবেষণাপত্র ও পোস্টার উপস্থাপনের সুযোগ পান।
উদ্বোধনী অনুষ্ঠানে এম এ রশিদ গ্রান্টের বিজয়ীদের অনুদান দেওয়া হয়। পাশাপাশি ‘Haematology Journal of Bangladesh’-এর রিভিউয়ারদের সনদ ও সম্মানী প্রদান করা হয়।
আয়োজকদের মতে, হেমাটোলজি গবেষণার প্রসার, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং রক্তরোগে আক্রান্ত রোগীদের আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই সম্মেলনের মূল লক্ষ্য।