শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বান্দরবানে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে এ সংস্থাটি।
আজ শনিবার দুপুরে বান্দরবান জেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, বিজিবির বান্দরবান সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।
সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় ১২ প্লাটুন বিজিবি সদস্য ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার কার্যক্রম চলবে।
নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করতে টহলের সময় বডি-অন ক্যামেরা ব্যবহার করা হবে। এ ছাড়া বিজিবির ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিম মোতায়েন থাকবে। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করা হবে।
গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া বিজিবির এ নিরাপত্তা কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।