বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত এক হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার দেখানো এবং ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পৃথক দুটি আবেদন করেন। এদিন দুপুর ২টায় আবেদন দুটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশান থানার একটি মামলায় এক দিনের রিমান্ড শেষে দিলীপ আগারওয়ালাকে আদালতে হাজির করা হবে। এরপর উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডের আবেদনের ওপর শুনানি হবে।
এর আগে, গত ১৯ অক্টোবর রাজধানীর বনানীর একটি বাসা থেকে দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা একটি মামলায় তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আওতাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। ওই বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পরে সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত এ বিষয়ে কী সিদ্ধান্ত দিয়েছেন, তা শুনানি শেষে জানা যাবে।