প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব ওয়ালীউল দামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে।
এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত। ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর (রোববার) থেকে সরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।