ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের একটি ক্যানটিন থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা অর্ক সাহাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (১ নভেম্বর) বিকেলে হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
আটক অর্ক সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক। রবিবার বিকেলে জগন্নাথ হলের ক্যানটিনে খাবার খাওয়ার সময় তাকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যদের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ক সাহা মাঝেমধ্যে জগন্নাথ হলে যাতায়াত করতেন। রবিবার বিকেলে ক্যানটিনে তাকে দেখতে পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আটক করেন। পরে হল প্রাঙ্গণে নিয়ে আসার পর প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের সদস্যদের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের হলে অবস্থান এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টার বিষয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাকে জানিয়ে আসছিলেন।
তিনি বলেন, ‘প্রথম দিকে অভিযোগগুলোকে খুব একটা গুরুত্ব দিইনি। পরে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ দিতে বলি এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিই।’
প্রাধ্যক্ষ আরও বলেন, হলে অবৈধভাবে অন্য কেউ অবস্থান করছেন কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করবে প্রশাসন। অর্ক সাহাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং রতন বলেন, ঘটনার বিস্তারিত তিনি জানেন না। তিনি বলেন, ‘যতটুকু শুনেছি, জগন্নাথ হল প্রশাসন বিষয়টি থানায় জানিয়েছে। অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে প্রচলিত নিয়ম ও বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ও প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেবে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি।’
এদিকে, জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় দাবি করেন, অর্ক সাহা দীর্ঘদিন ধরে গোপনে রাতে হলে অবস্থান করতেন বলে তাদের কাছে তথ্য ছিল। রবিবার বিকেলে ক্যানটিনে তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা আটক করেন বলেও জানান তিনি।
এ ছাড়া জগন্নাথ হলের সামনে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ক সাহা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন ধ্রুব রায়।
অর্ক সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায়ও তিনি তালিকাভুক্ত আসামি।