সাংবাদিককে হেনস্তা, প্রাণনাশের হুমকি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে (শামসুন্নাহার স্মৃতি) আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণের ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশের কপি দেওয়া হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন পরীমনি। এ সময় ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে তার নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কি হয়। অভিযোগ অনুযায়ী, পরীমনি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেন এবং তার নিরাপত্তারক্ষীরা ভিডিও ট্রাইপড ভেঙে ফেলেন। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও একজন বিচারপ্রার্থী আহত হন।
নোটিশে আরও অভিযোগ করা হয়, আদালত থেকে বের হওয়ার পর পরীমনি সাংবাদিক রবিউল হোসাইনকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া গত ৬ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগও আনা হয়েছে পরীমনির বিরুদ্ধে।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল কথাবার্তা, হুমকি ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সময়ের মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরীমনির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়ে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।