বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা এবং অপরাধ দমনে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে অর্থপাচার, সাইবার অপরাধ ও আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং।
সাক্ষাৎকালে আন্তদেশীয় অপরাধ ও অর্থপাচার রোধে যৌথ তদন্তের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি শনাক্তকরণ ও সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণের বিষয়েও গুরুত্ব দেন ফিলিপ অং।
বৈঠকে আধুনিক গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান, সংকট ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ প্রতিরোধে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়েও আলোচনা হয়।
আইজিপি অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।