বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি কমানো এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুর্ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্ঘটনাকবলিত ট্রেন দ্রুত উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক করা এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এর আগে বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের নয়টি বগি বগুড়ার আদমদীঘি এলাকায় লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট প্রশাসন ও রেল কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।