নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় শহরের জেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।
পরবর্তীতে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ এবং পুলিশ সুপার তারেক মাহমুদ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জেলা বিএনপি, শ্রমিক দল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা বিএনপির উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে একটি পথযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ‘জুলাই যোদ্ধা’দের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।