মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলে বিশেষ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে ইরান। বাংলাদেশসহ ছয়টি ‘বন্ধুপ্রতিম’ দেশের বাণিজ্যিক জাহাজ এই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে বলে জানিয়েছে তেহরান।
সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হয়নি।
তিনি বলেন, ‘অনেক জাহাজ মালিক বা দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যাতে তারা নিরাপদে প্রণালি পার হতে পারে। যেসব দেশকে আমরা বন্ধু মনে করি বা বিশেষ কারণে অনুমতি দিই, তাদের জন্য আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ চলাচলের ব্যবস্থা করছে।’
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তিনি আরও বলেন, ‘সংবাদে দেখেছেন— চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত। কয়েকদিন আগে ভারতের দুটি জাহাজ পার হয়েছে। আরও কিছু দেশ, এমনকি বাংলাদেশও— যারা আমাদের সঙ্গে সমন্বয় করেছে। ভবিষ্যতেও, যুদ্ধের পরেও এটি চলবে।’
তবে আরাগচি স্পষ্ট করে দিয়েছেন, যেসব দেশকে ইরান প্রতিপক্ষ হিসেবে দেখে বা চলমান সংঘাতে জড়িত বলে মনে করে তাদের জাহাজ এই প্রণালি দিয়ে যেতে পারবে না। তিনি বলেন, ‘আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। পুরো অঞ্চলই যুদ্ধক্ষেত্র। আমাদের শত্রু ও তাদের মিত্রদের জাহাজ চলাচলের কোনও কারণ নেই। তবে অন্যদের জন্য এটি খোলা থাকবে।’