বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘রইদ’। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে এই চলচ্চিত্রটিকে মনোনীত করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।
মেজবাউর রহমান সুমনের পরিচালনায় নির্মিত ১০৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তথ্য অনুযায়ী, সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক সাধু ও তাঁর স্ত্রী পাগলির জটিল সম্পর্ককে ঘিরে। প্রেম, নীরবতা ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মধ্য দিয়ে মানবজীবনের এক আদিম ও চিরন্তন ভালোবাসার আখ্যান ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে।
সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
অস্কারে বাংলাদেশের ছবি পাঠানোর জন্য গঠিত সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটির কাছে এবার মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। সিনেমাগুলো হলো: মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’, মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
এর মধ্যে ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি বাছাই প্রক্রিয়া থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালে বাকি চারটি সিনেমার মধ্য থেকে দীর্ঘ পর্যালোচনা ও সম্মিলিত আলোচনার ভিত্তিতে ‘রইদ’কে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।
জহিরুল ইসলামের সভাপতিত্বে এই কমিটির অন্য সদস্যরা ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।