রাজধানী ঢাকার মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪০টি শয্যা স্থাপনের কাজ দ্রুত শেষ করে চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
রবিবার (২৯ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে হাসপাতালটির বিশেষায়িত অ্যাজমা সেন্টারে নবনির্মিত আইসিইউ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় প্রস্তুতিপর্ব দ্রুত শেষ করে সেবা চালুর নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী হাসপাতালে কয়েক বছর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ফ্লোরগুলো পরিদর্শন করেন। সেখানে তিনি পরিত্যক্ত জায়গা সংস্কার করে গড়ে তোলা অত্যাধুনিক আইসিইউ শয্যা ও চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, সাধারণ মানুষ যাতে কম খরচে এবং সুলভ মূল্যে আইসিইউ সেবা পেতে পারে, সেজন্য এই ইউনিটটি যত দ্রুত সম্ভব চালু করতে হবে।
আমাদের লক্ষ্য হলো সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন করা এবং প্রতিটি নাগরিকের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া। একইসঙ্গে গরিব মানুষ যাতে সহজে, কম খরচে উন্নত চিকিৎসাসেবা পায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পরিত্যক্ত জায়গাকে ব্যবহার উপযোগী করে সেখানে এই আইসিইউ ব্লক তৈরি করা হয়েছে। এটি চালু হলে বক্ষব্যাধি ও শ্বাসকষ্টজনিত জটিল রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরতা কমবে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ এবং চিকিৎসা সুবিধা বাড়াতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।