দেশে হামের বিস্তার বাড়তে থাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। পরিদর্শন শেষে তিনি হাসপাতাল প্রশাসন, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, দেশে চলতি বছরের ৪ জানুয়ারি প্রথম হাম রোগী শনাক্ত হয় রোহিঙ্গা শিবিরে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ বিনামূল্যে হাম প্রতিরোধী টিকা পেলেও পরে ক্রয়সংক্রান্ত জটিলতার কারণে সরবরাহে বিঘ্ন ঘটে। তার মতে, এই ঘাটতি বর্তমান প্রাদুর্ভাবের একটি বড় কারণ হয়ে থাকতে পারে।
ডা. রফিকূল ইসলাম আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য সহকারী ও টিকা পোর্টারদের আন্দোলনের ফলে টিকাদান কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছিল। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন সাধারণ মানুষের দুর্ভোগ ডেকে না আনে, সে জন্য সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি জানান, সরকার অতি দ্রুত প্রয়োজনীয় টিকা সংগ্রহ করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সাধারণ নিয়মে ৯ মাস ও ১৫ মাস বয়সে হাম প্রতিরোধী টিকা দেওয়া হলেও এবার ৯ মাসের কম বয়সি শিশুর মধ্যেও সংক্রমণ দেখা যাচ্ছে, যা বিশেষভাবে উদ্বেগজনক। এ বিষয়ে গবেষণার মাধ্যমে কারণ নির্ণয়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনের সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা নিয়েও সন্তোষ প্রকাশ করেন ডা. রফিকূল ইসলাম। তিনি বলেন, সীমিত সক্ষমতা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ ১২ জন শিশুকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছে এবং ওয়ার্ডে ভর্তি অন্যান্য হাম আক্রান্ত রোগীদেরও সেবা প্রদান করছে। এজন্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।
একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ উল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক জহুরুল হকসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।