রাজধানীতে স্কুল চলাকালীন সময়ের তীব্র যানজট কমাতে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে একটি প্রস্তাবনা তৈরি করে উপস্থাপনের কথাও বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করেন। বৈঠকে রাজধানীর স্কুলকেন্দ্রিক যানজটের কারণ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, অনেক স্কুলে শিক্ষার্থীর তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি হওয়ায় স্কুলের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। উদাহরণ হিসেবে একটি স্কুলে ১৫০ শিক্ষার্থীর বিপরীতে প্রায় ১০০টি গাড়ি জড়ো হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। এতে শুধু যানজটই বাড়ছে না, শিক্ষার্থীদের যাতায়াতও কঠিন হয়ে পড়ছে।
এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সমস্যাটিকে গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি বাস্তবসম্মত সমাধান বের করতে শিক্ষামন্ত্রীকে পরামর্শ দিয়েছেন। মন্ত্রণালয়কে সম্ভাব্য বিকল্প পদ্ধতি ও করণীয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব প্রস্তুত করতে বলা হয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এবং পরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।