দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব মোকাবিলায় বড় পরিসরে ডিজেল ও অকটেন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রায় ১৬ লাখ মেট্রিক টন ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন আমদানির জন্য তিনটি পৃথক প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ অনুষ্ঠিত কমিটির অষ্টম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত তিনটি প্রস্তাব পর্যালোচনা শেষে কমিটি সেগুলোকে নীতিগত অনুমোদন দেয়।
প্রথম প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও থেকে ১০ লাখ মেট্রিক টন এন৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন (গ্যাসোলিন-৯৫ আনলেডেড) আমদানি করা হবে।
দ্বিতীয় প্রস্তাবে একই পদ্ধতিতে ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার ডিজেল সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া তৃতীয় প্রস্তাবে কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল (এজিও) আমদানির সিদ্ধান্তও নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।
সরকারি সূত্র বলছে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম পদক্ষেপ হিসেবে এসব আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।