এক দশকের বেশি সময় ধরে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অন্যতম প্রধান মুখ ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র। টনি স্টার্ক ওরফে ‘আয়রন ম্যান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পান তিনি।
আয়রন ম্যান চরিত্রের বিদায়ের সাত বছর পর আবারও মার্ভেল ইউনিভার্সে ফিরছেন এই অভিনেতা। তবে এবার নায়ক হিসেবে নয়। দেখা যাবে মার্ভেলের অন্যতম ভয়ংকর খলনায়ক ‘ডক্টর ডুম’ চরিত্রে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ডিজনি ফ্যান ইভেন্টে নিজের নতুন চরিত্র নিয়ে কথা বলেন রবার্ট ডাউনি জুনিয়র। সেখানে তিনি জানান, আয়রন ম্যানের চেয়ে এখন ‘ডক্টর ডুম’ চরিত্রটিই তাঁর বেশি পছন্দ।
এর কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেতা। তাঁর মতে, ডক্টর ডুম চরিত্রে অভিনয় করতে গিয়ে সহঅভিনেতাদের নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ পাচ্ছেন তিনি। একই সঙ্গে এটি তাঁকে একেবারেই ভিন্ন ধরনের অভিজ্ঞতা দিচ্ছে।
অ্যান্টনি ও জো রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে ডক্টর ডুমের বিরুদ্ধে লড়াই করবেন মার্ভেল ইউনিভার্সের একাধিক সুপারহিরো।
ছবির গল্পের সংকট কোনো একটি পৃথিবীতে সীমাবদ্ধ থাকবে না। তা ছড়িয়ে পড়বে পুরো মাল্টিভার্সে।
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে থাকছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস ইভান্স, পেড্রো পাসকাল, পল রাড, ফ্লোরেন্স পিউ, ভ্যানেসা কার্বি, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডলস্টন, চ্যানিং ট্যাটাম ও প্যাট্রিক স্টুয়ার্টের মতো তারকারা।
ছবিটি আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
একই দিনে মুক্তি পাওয়ার কথা ডেনিস ভিলনভ পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘ডুন ৩’ ছবিরও। ফলে বছরের শেষে বক্স অফিসে দুই বড় ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় থাকবেন দর্শকেরা।