ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে ঘটে যাওয়া গ্যাস লাইট কারখানার অগ্নিকাণ্ডের পর সরকারের পক্ষ থেকে নিহত ও আহত শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার (৪ এপ্রিল) সরেজমিনে কারখানা পরিদর্শন করেন। তিনি নিহতদের পরিবারকে প্রতি জন ২ লাখ টাকা এবং আহত শ্রমিকদের সর্বোচ্চ ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের কথা জানান।
মন্ত্রী বলেন, আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্ত করতে মন্ত্রী ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ঢাকা জেলার জেলা প্রশাসককেও পৃথক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো শ্রমিকের জীবন যেন অবহেলার কারণে বিপন্ন না হয়, সে বিষয়ে আমরা কঠোর অবস্থান নিয়েছি।
পরিদর্শনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।