‘নোট অব ডিসেন্ট’ আমলে নিয়েই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে বিএনপি। সরকার গঠনের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ আলোচনা হয়।
শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই ঘণ্টার এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, বৈঠকে মূলত সরকারের ৪৭ দিনের কাজের মূল্যায়ন ও পর্যালোচনা করা হয়েছে। এছাড়া দেশের বিদ্যমান সংকট, বিশেষ করে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় উত্তরণের পথ খোঁজা হয়েছে।
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, জুলাই সনদে যেসব কমিটমেন্ট বিএনপি করেছে, সেগুলোর সবই বাস্তবায়ন করা হবে। তবে যেগুলোতে আমাদের নোট অব ডিসেন্ট দেওয়া ছিল, সেগুলো বাস্তবায়নের বাধ্যবাধকতা নেই।
অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ও গুম কমিশন প্রসঙ্গে তিনি বলেন, বলা হচ্ছে গুম কমিশন বাতিল করা হবে—আদতে বিষয়টি সেরকম নয়। আলোচনা-পর্যালোচনা শেষে এতে কিছু সংশোধনী আনা হবে। অন্তর্বর্তী সরকার যে ১৩৩টি অধ্যাদেশ দিয়েছিল, তার বেশিরভাগই অটো (স্বয়ংক্রিয়ভাবে) পাস হয়ে যাবে। তবে বাকি কয়েকটি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই করা হবে।
বিএনপির এই নেতা জানান, জামায়াতে ইসলামী কিংবা এনসিপিকে নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি। গণতন্ত্রে বিরোধিতা না থাকলে সৌন্দর্য ফুটে ওঠে না, তারা তাদের কাজ করছে।
এদিকে, আলোচ্যসূচির বাইরে গিয়ে বিএনপি মহাসচিব দলের কাউন্সিলের বিষয়টি বৈঠকে উত্থাপন করেন। এ বিষয়ে ড. মঈন খান বলেন, এজেন্ডার বাইরে যে কেউ যেকোনও আলোচনা তুলতে পারেন।
মহাসচিব কাউন্সিলের যৌক্তিকতা তুলে ধরেছেন। তবে আমার মনে হচ্ছে না, বর্তমান পরিস্থিতিতে সহসাই দলের কাউন্সিল করা সম্ভব হবে।