পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে ৪৫ জনের মৃত্যু হয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, আহত হয়েছেন ১০০ জনের বেশি মানুষ।
নিহত ৪৫ জনের মধ্যে ২৩ জন শিশু, ১৭ জন পুরুষ এবং ৫ জন নারী। আহতদের মধ্যে ৪৪ জন শিশু রয়েছে। টানা বর্ষণে পাহাড়ি এলাকাগুলোতে মাটি নরম হয়ে বহু বাড়ির ছাদ ও দেয়াল ধসে পড়েছে। প্রদেশে অন্তত ৪৪০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কয়েক ডজন বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
দুর্গত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলো। পিডিএমএ জানিয়েছে, ৬ থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুনরায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা ভূমিধসের ঝুঁকি বাড়াতে পারে।
কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং সংবেদনশীল পর্যটন এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য পর্যটকদের সতর্ক করেছে। [সূত্র: জিনহুয়া]