জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন একটি নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্য বলে মন্তব্য করেছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী।
শুক্রবার (১০ এপ্রিল) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত হয়। জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (JETRO)-এর যৌথ অংশগ্রহণে এই সেমিনারের আয়োজন করা হয়।
প্রধান বক্তা হিসেবে রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং বর্তমানে এটি বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। তিনি জানান, সাম্প্রতিক ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (EPA) দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এর ফলে বাংলাদেশের সাত হাজারের বেশি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।
তিনি জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ শিল্প, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন।
সেমিনারে জেট্রো ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে প্রেজেন্টেশন দেন। সুমিতোমো করপোরেশনের প্রতিনিধি শোতা পাকু বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ)-এর সুবিধা তুলে ধরেন। এছাড়া BJIT Inc.-এর প্রতিনিধি ইওতো সুজিদে বাংলাদেশের আইটি খাতের দক্ষ জনশক্তির প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে জাপানি ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্টরা। সেমিনারটি সঞ্চালনা করেন জেট্রো’র সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো এবং স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকিকো ওকুমোরা।
অনুষ্ঠানে জাপানের বিভিন্ন শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি অংশ নেন।