মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও দেশের মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সরকার ফসলের মৌসুমে তেলের দাম অপরিবর্তিত রেখেছে।
শনিবার সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মধ্যে ছাগল এবং ভিক্ষুক পুনর্বাসনের অংশ হিসেবে গবাদিপশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ রয়েছে। তিনি উল্লেখ করেন, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির চাপ থাকলেও কৃষকের স্বার্থ ও সাধারণ মানুষের দুর্দশার কথা মাথায় রেখে সরকার ফসল তোলার সময়ে তেলের দাম বাড়ায়নি।
তিনি আরও বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতাই বিএনপি সরকারের সবচেয়ে বড় শক্তি। কারণ দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের দায়িত্ব দিয়েছে জনসেবা ও জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশায়।
জাহিদ হোসেন বলেন, সরকার খুব অল্প সময়ের মধ্যেই একাধিক জনমুখী পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড চালু, কৃষিঋণ মওকুফ, খাল খনন কার্যক্রম শুরু এবং শিগগিরই কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার উদ্যোগ।
অনুষ্ঠানে তিনি শতাধিক ভিক্ষুক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র মানুষের মধ্যে বকনা ছাগল বিতরণ করেন। এর মাধ্যমে তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লু রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।