পুনরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। এর আগে তিনি মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রও পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো বৃত্তি পরীক্ষাসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিতভাবে বিদ্যালয়ে আসতে উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা। তিনি জানান, ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, পরীক্ষার সময় শিক্ষার্থীরা যাতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পায় এবং নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করাই পরিদর্শনের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত পাওয়া তথ্য ইতিবাচক।
তবে কিছু পরীক্ষার্থী অনুপস্থিত থাকার বিষয়টি লক্ষ্য করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থী-অভিভাবকদের আরও উৎসাহিত করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অভিভাবকদের সঙ্গে আলোচনায় কিছু চাহিদা উঠে এসেছে, যা সরকার ভবিষ্যতে বিবেচনা করবে। পাশাপাশি প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা পুনর্বিবেচনার কথাও ভাবা হচ্ছে, যার মধ্যে বৃত্তির পরিমাণ এবং সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণে পরিবর্তন আনার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।
তিনি জানান, সরকারের লক্ষ্য প্রাথমিক শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা। এই লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষাকেও আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।