দেশে নদ-নদীর অবৈধ দখলদার ২১ হাজার ৯৮২ জন বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২১িএপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে জাতীয় নদী রক্ষা কমিশনের হালনাগাদ তালিকার বরাত দিয়ে তিনি এ তথ্য দেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে এই জবাব উপস্থাপন করা হয়।
নৌমন্ত্রী বলেন, এই তালিকা ওয়েবসাইটে প্রকাশ এবং উচ্ছেদ কর্মপরিকল্পনা পাঠাতে সব জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় বলছে, অবিলম্বে উচ্ছেদযোগ্য তালিকা পাওয়া সাপেক্ষে উচ্ছেদ কার্যক্রম চালানো হবে।
এসময় পায়রা বন্দর পুরোপুরি চালু করার বিষয়ে আশার কথা বলেছেন নৌমন্ত্রী। তিনি বলেন, বন্দরের জেটি থেকে ঢাকা-কুয়াকাটা সড়কের সংযোগ স্থাপনে আন্ধারমানিক নদীর ওপর ১ হাজার ১৮০ মিটার দীর্ঘ চার লেনের সেতু এবং ৬ দশমিক ৩৫ কিলোমিটার ছয় লেনের টার্মিনাল সংযোগ সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে।
চলতি বছরের ডিসেম্বর নাগাদ এ কাজ শেষ হলে আগামী বছরের শুরুতে বন্দরটি পুরোপুরি চালু হওয়ার আশা করা হচ্ছে, বলেন তিনি।
মন্ত্রী বলেন, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা ধরে রাখা এবং বন্দরের নিজস্ব খনন সক্ষমতা তৈরির জন্য খননযন্ত্র কেনার অনুমোদন পেলে ২০২৭-২৮ সালের মধ্যে পায়রা বন্দরে সব ধরনের জাহাজ চলাচল করতে পারবে।