আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শ্রমিকদের বেতন ও বোনাস নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
মন্ত্রী সতর্ক করে বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে। তিনি ভাসমান ও চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তিনি আরও উল্লেখ করেন, গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি।
সভায় অংশ নিয়ে সংশ্লিষ্টরা শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান (বাবু) উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কারখানাগুলোর জন্য জেনারেটরের ডিজেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
এর প্রেক্ষিতে শ্রমমন্ত্রী পেট্রোল পাম্পগুলোতে কারখানাভিত্তিক ডিজেলের পরিমাণ উল্লেখ করে প্রকাশ্যে নোটিশ প্রদর্শনের নির্দেশ দেন, যাতে বিষয়টি স্বচ্ছ থাকে। পাশাপাশি শিল্পাঞ্চলে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তিনি।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সংসদ সদস্যরা এবং জেলা পরিষদের প্রশাসকও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, সময়মতো বেতন-বোনাস পরিশোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সহজ হবে।