সাতক্ষীরার কালিগঞ্জে রাসায়নিক দিয়ে পাকানো ৩ হাজার ৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে ঢাকাগামী একটি পিকআপে থাকা ১৬৮ ক্যারেট আম জব্দ করা হয়।
অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত আম পরিবহনের দায়ে পিকআপ চালক শাহিন হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বিজিবির সহায়তায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান।
তিনি জানান, জব্দ করা আমগুলো শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়িবাঁধ সড়কে ট্রাকের চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়েছে।