লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, লিবিয়া সরকার ও আইওএমের যৌথ সহযোগিতায় বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন।
ফিরে আসা বাংলাদেশিদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্রলোভনে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অনেকেই অপহরণ, নির্যাতন ও অনিশ্চিত অবস্থার মুখে পড়েন।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা তাদের স্বাগত জানান। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।
আইওএম প্রত্যেক প্রত্যাবাসিত নাগরিককে যাতায়াত খরচ হিসেবে ৬ হাজার টাকা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাসস্থানের সহায়তা দিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশে ফেরা ব্যক্তিদের অনুরোধ করেছে, তারা যেন নিজেদের ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের জানান, যাতে অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে মানুষ সচেতন হয়।
লিবিয়ায় এখনো আটক থাকা অন্য বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতেও সরকার ও আইওএম কাজ চালিয়ে যাচ্ছে।