দেড় দশকেরও বেশি সময় পর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত বর্তমান সরকারকে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাই জনপ্রশাসনের মূল দায়িত্ব হলো জনগণের স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করা।
প্রধানমন্ত্রী বলেন, বিয়ামের নতুন ভবন শুধু একটি অবকাঠামো নয়; এটি প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব গঠন এবং মানবসম্পদ উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতীক। আধুনিক প্রশাসনে শুধু নিয়ম জানা যথেষ্ট নয়, প্রযুক্তি ব্যবহার, তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সৃজনশীল জনসেবার মানসিকতাও জরুরি।
তিনি জানান, সরকার মেধা, সততা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে একটি স্বচ্ছ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নেও সরকার বদ্ধপরিকর।
কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির যুগে প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে সব সরকারি সেবা তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য।
তিনি জনপ্রশাসন কর্মকর্তাদের জনগণের সেবক ও বন্ধু হিসেবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও বিয়ামের মহাপরিচালক আব্দুল মালেক উপস্থিত ছিলেন।