রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন। তিনি বলেন, হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে পারবেন।
সিদ্ধান্ত অনুযায়ী, সরকার উচ্ছেদ হওয়া হকারদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করবে। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে হকার কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যানজট কমানোর বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, স্কুল-কলেজের ক্লাস শুরু ও শেষের সময় অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে সড়কে যানজট তৈরি হয়। এ সমস্যা কমাতে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের পরামর্শ দেন তিনি।
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ কয়েকটি এলাকা থেকে হকার উচ্ছেদ করা হয়।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, দুই সিটি করপোরেশন, রাজউক ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।