সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত জানান, এমটি নাইনেমিয়া নামের জাহাজটি এরই মধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং বর্তমানে বঙ্গোপসাগরের পথে রয়েছে।
তিনি বলেন, জাহাজটি ইয়েমেন উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকা পার হয়ে নিরাপদ রুটে এগোচ্ছে। গত ২১ এপ্রিল সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করে।
এই চালান দেশে পৌঁছালে অপরিশোধিত তেলের সংকটে সাময়িকভাবে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম আবার শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।
তবে একই পরিমাণ তেলবাহী আরেকটি জাহাজ নর্ডিকস পলাক্স হরমুজ প্রণালী ঘিরে জটিলতার কারণে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকে আছে।
ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে, যা দেশের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে। দেশে জ্বালানি চাহিদার বড় অংশই আমদানিনির্ভর, যার মধ্যে পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে।