পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পুলিশের টহল নিশ্চিত করা এবং জনগণের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
তিনি জানান, পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি বাহিনীর ওপর জ্বালানি ব্যবহারের যে সীমাবদ্ধতা ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এ কারণে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়।
এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি রেশনিংয়ের কারণে রাতে পুলিশের টহল কমে গেছে, এতে অপরাধ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।