তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হলে প্রথম শর্ত হলো সঠিক, বস্তুনিষ্ঠ ও যাচাইযোগ্য তথ্য। তথ্যের স্বাধীনতা প্রয়োজন, তবে একই সঙ্গে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য রোধ করাও রাষ্ট্র ও সমাজের বড় চ্যালেঞ্জ।
শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগ।
তথ্যমন্ত্রী বলেন, অবাধ তথ্যপ্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো। সঠিক তথ্য ছাড়া কোনো সমাজ সুস্থভাবে এগোতে পারে না। বরং ভুল তথ্য, মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন সমাজকে বিভ্রান্ত ও বিষাক্ত করে তোলে।
ডিজিটাল যুগের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, এখন তথ্যের অভাব নেই, কিন্তু নির্ভরযোগ্য তথ্যের সংকট রয়েছে। তাই শুধু আইন দিয়ে নয়, সৃজনশীল জ্ঞান, গবেষণা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে অপতথ্য মোকাবিলা করতে হবে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, তথ্যপ্রবাহকে অবাধ রাখার পাশাপাশি এর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে একটি কার্যকর রেগুলেটরি ব্যবস্থার প্রয়োজন। সরকার কর্তৃত্ববাদী ভূমিকা নিতে চায় না, বরং সেবাদানকারী ব্যবস্থাপক হিসেবে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে চায়।
মুক্ত গণমাধ্যম ও সঠিক তথ্যের পরিবেশ গড়ে তুলতে সরকার একটি টেকসই রোডম্যাপ তৈরির কাজ করছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে সাংবাদিকতা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি রিসোর্সফুল নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সেমিনারে বক্তারা বলেন, মূলধারার সাংবাদিকতা এখন নানা চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও ফটো কার্ডের মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পেশাদার সংবাদমাধ্যম।
অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী সভাপতিত্ব করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।