ঢাকা, ৫ মে ২০২৬: বাংলাদেশ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে সময়োপযোগী ও জনবান্ধব বলে প্রশংসা করেছেন সিরডাপের মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা।
সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে পল্লী উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দুই পক্ষই পল্লী উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
মন্ত্রী মির্জা ফখরুল বলেন, সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করা হলে দেশের পল্লী উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে। গবেষণা, দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনী কার্যক্রমে সিরডাপ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।
তিনি আরও বলেন, সরকার এ ধরনের উন্নয়ন উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবে।
সিরডাপ মহাপরিচালক বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং বিশেষ করে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগকে জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
সাক্ষাতে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।