দেশে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে এখন পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে। এতে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ পূরণ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তার আশা, আগামী কয়েকদিনের মধ্যেই শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
উপদেষ্টা বলেন, হাম ও এর জটিলতায় শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। আক্রান্ত শিশু নিউমোনিয়ায় ভুগলে আইসিইউ সাপোর্ট দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই সরকার টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।
তিনি জানান, টিকাদান কার্যক্রমে সহায়তার জন্য ইউনিসেফ ও গ্যাভি থেকে আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে এসেছে। পাশাপাশি যক্ষ্মা শনাক্তে যুক্তরাষ্ট্র থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে।
ব্রিফিংয়ে শিক্ষা, জ্বালানি ও বিদ্যুৎ খাতের অগ্রগতিও তুলে ধরা হয়। সরকার জুলাই থেকে পাইলট প্রকল্প হিসেবে প্রতিটি উপজেলার দুটি বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা দেবে।
জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। ২ মে পর্যন্ত ডিজেলের মজুত ছিল ২ লাখ ৩৪ হাজার মেট্রিক টনের বেশি। এছাড়া অকটেন, পেট্রোল ও জেট ফুয়েলও পর্যাপ্ত রয়েছে।
বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে জানানো হয়, ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দেশে কোনো লোডশেডিং করতে হয়নি। তবে সঞ্চালন লাইনের ত্রুটি, তীব্র গরম বা মধ্যপ্রাচ্য সংকটের কারণে এলএনজি সরবরাহে সমস্যা হলে কিছুটা লোডশেডিং হতে পারে বলে সতর্ক করা হয়েছে।