মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
শুক্রবার সকালে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্যমনি বাজারে মতবিনিময় সভা ও লক্ষীপুর উপ-প্রকল্পের চারটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এমপি খোকন বলেন, গত আড়াই মাসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের ভাতা, খেলোয়াড়দের ভাতা এবং খাল খননের মতো কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আমরা বসে নেই। জনগণের উন্নয়নে কাজ শুরু করে দিয়েছি। স্থানীয়দের প্রস্তাব করা বেশিরভাগ রাস্তার কাজও টেন্ডার প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।