বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ধ্বংসস্তুপ থেকে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ, রাষ্ট্র ও গণতন্ত্রকে রক্ষার বড় লড়াইয়ে নেতাকর্মীরা জয়ী হয়েছেন। সেই ধারাবাহিকতায় জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে।
তিনি বলেন, সরকার এমন এক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে, যেখানে চারদিকে সংকট ও ঘাটতির চিত্র স্পষ্ট। এই অবস্থার মধ্য থেকে দল, সরকার ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়াই এখন প্রধান দায়িত্ব।
বিএনপি মহাসচিব আরও বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় দল আত্মবিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসনে থেকেও দলকে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন সফল করেছেন এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পথ তৈরি করেছেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের কাজগুলো তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত করে জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হবে।
এর আগে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।