দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আইআইইউএম অ্যালামনাই, বাংলাদেশ চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে নতুন কারিকুলাম প্রণয়ন ও শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থায় ব্যাপক সংস্কার চলছে। মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শিক্ষা মডেল অনুসরণ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীই সবচেয়ে বড় সম্পদ। এই জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। এজন্য শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি।
ড. মিলন জানান, সরকার শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে।
তিনি আরও বলেন, দেশে এখন ব্রেইন ড্রেইন নয়, রিভার্স ব্রেইন ড্রেইন প্রয়োজন। বিদেশে উচ্চশিক্ষা নেওয়া বাংলাদেশিরা দেশের শিক্ষা খাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে মালয়েশিয়া ও মালদ্বীপের হাইকমিশনার, সংসদ সদস্য, শিক্ষাবিদ এবং আইআইইউএম অ্যালামনাইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আইআইইউএম অ্যালামনাই বাংলাদেশ চ্যাপ্টারের নতুন কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়।