পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। মাত্র তিন মাসের মধ্যেই এসব প্রতিশ্রুতি ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে বলে তিনি জানান।
শনিবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো ফ্যামিলি কার্ড কর্মসূচি। এই কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরের ১ হাজার ২৫১টি পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠানোর কার্যক্রম শুরু হয়। টাকা পাওয়ার বার্তা মোবাইলে পৌঁছানোর পর উপকারভোগী পরিবারগুলোর মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এই সহায়তা নিম্ন ও মধ্যআয়ের পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা এবং পরিবারগুলোকে আর্থিকভাবে সহায়তা দেওয়া।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। খাল ও নদীর সংযোগ পুনঃস্থাপন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি ও পরিবেশের উন্নয়ন সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ছিল।
অনুষ্ঠানে মোট ১ হাজার ২৫১ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক এইচ এম মেহেদী, জেলা পুলিশ সুপার আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।