বাংলাদেশের অবকাঠামো, পরিবহন, প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও পল্লী উন্নয়নসহ সম্ভাবনাময় খাতে সিঙ্গাপুরের বিনিয়োগ আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় ও উপযোগী ক্ষেত্র। অবকাঠামো উন্নয়ন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, পরিবহন, প্রযুক্তি এবং নগর সেবা খাতে বিদেশি বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও আধুনিকায়নের পথে কিছু চ্যালেঞ্জ থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে বিভিন্ন খাতে কার্যকর উদ্যোগ নিচ্ছে।
বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বিনিয়োগ, চিকিৎসা, প্রযুক্তি বিনিময়, বর্জ্য ব্যবস্থাপনা এবং পল্লী উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রী বলেন, সিঙ্গাপুরের উন্নয়ন অভিজ্ঞতা, ব্যবস্থাপনা দক্ষতা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে। এ কারণে সম্ভাবনাময় খাতগুলোতে সিঙ্গাপুরের সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অংশীদারিত্বভিত্তিক প্রকল্প বাস্তবায়নের সুযোগ বাড়ানো হচ্ছে।
সাক্ষাৎকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।