ডিজিটাল সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সবার জন্য সহজলভ্য করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতের সব ডিজিটাল সেবা ও প্রযুক্তি প্ল্যাটফর্ম তৈরি করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা অডিটরিয়ামে ‘গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রযুক্তির সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার অভিগম্য ওয়েবসাইট ও অ্যাপ তৈরিতে গুরুত্ব দিচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে, যাতে প্রতিবন্ধী ব্যক্তিরাও সহজে সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ করতে পারেন।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ডিজিটাল অভিগম্যতা নিশ্চিত করতে কাজ করা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকার সহযোগিতা দেবে। তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সবার জন্য সহজ ও সমান ডিজিটাল সেবা নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে ডিজিটাল অভিগম্যতায় অবদানের জন্য পাঁচটি উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের থেরাপি সার্ভিস ম্যানেজমেন্ট ও ডিজেবিলিটি ইনফরমেশন সিস্টেম, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা, গ্রাম আদালত মোবাইল অ্যাপ এবং ইবিএল স্কাইব্যাংকিং উদ্যোগ।
পরে মন্ত্রী ও অতিথিরা প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।