ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অপর এক কর্মকর্তার আগের বদলি আদেশ বাতিল করা হয়েছে।
জনস্বার্থ ও প্রশাসনিক প্রয়োজনে এসব পদায়ন ও রদবদল করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি সদরদপ্তর থেকে একটি কার্যালয় আদেশ জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, সচিবালয় নিরাপত্তা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা-১) মো. আতিকুর রহমানকে ট্রাফিক-গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), লালবাগ বিভাগে কর্মরত মো. ফজলুল হককে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) মাহমুদুল হোসাইনকে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ডিএমপি সদরদপ্তরের ৮ সেপ্টেম্বরের এক অফিস স্মারকের মাধ্যমে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসানকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) হিসেবে বদলি করা হয়েছিল। নতুন আদেশে ওই বদলি আদেশটি বাতিল করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।