দেশের ১১টি জেলায় দুপুর পর্যন্ত ঝড়ো হাওয়ার আশঙ্কা করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া রাজশাহী, পাবনা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকায় চলাচল ও নদীপথে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।