আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিপুল সংখ্যক মানুষ ও কোরবানির পশু পরিবহন বড় চ্যালেঞ্জ হলেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম এমপি।
শুক্রবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যে প্রায় আড়াই কোটি মানুষ এবং কোরবানির পশু পরিবহন একটি বিশাল দায়িত্ব। দেশের অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়, জনসচেতনতা ও অনুকূল আবহাওয়া থাকলে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করা সম্ভব হবে।
তিনি জানান, দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর উন্নয়ন কাজ চলমান রয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার কাজ এগিয়ে চলছে, যা ভবিষ্যতে যানজট ও ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, চালকদের অদক্ষতা, ফিটনেসবিহীন যানবাহন এবং অসচেতনতা দুর্ঘটনার অন্যতম কারণ। এসব নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়ার কারণে দুর্ঘটনার হার কমে এসেছে।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবার ও আহত ৩৩ জনের মাঝে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বিআরটিএ চেয়ারম্যানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।