আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি সিটি করপোরেশনগুলোর প্রশাসক ও মেয়রদের হাতে এই বোনাসের চেক তুলে দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপলক্ষে সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নগর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি প্রশাসকদের নিয়মিত খাল-নর্দমা পরিষ্কার রাখা এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়ররা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, চলতি বছরের ঈদুল ফিতরের আগেও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৫ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।